মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাদক কেনাবেচার দায়ে নেছার উদ্দিন শেখ (৩২) নামের এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। নেছার উদ্দিন শেখ পিরোজপুর পৌরসভার শেখপাড়া মহল্লার মৃত হাবিবুর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় নেছার উদ্দিন শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জুলাই বিকেলে পিরোজপুর পৌরসভার মাছিমপুর এলাকা থেকে নেছার উদ্দিন শেখকে ৫১০টি ইয়বাবড়িসহ আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ ঘটনায় ওই দিন রাতে র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আনোয়ার হোসেন বাদী হয়ে নেছার উদ্দিন শেখের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই বছরের ৪ আগস্ট নেছার উদ্দিন শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানির সময় আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় অবশেষে বিচারক নেছারকে ১০ বছরের কারাদণ্ড দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামির পক্ষে আইনজীবী ছিলেন এম শাহ আলম।