মাদক ব্যবসায়ের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ের দায়ে নঈম খাঁ (৩৮) নামে এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পটুয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কপালবেড়া এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ নঈম খাঁকে আটক করে পটুয়াখালীর র‍্যাব-৮। এরপর ওই দিনই র‍্যাবের উপপরিদর্শক (এসআই) মো. বছির উদ্দিন বাদী হয়ে মাদক ব্যবসায়ের অভিযোগ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর হক খান তদন্ত শেষে ২০০৯ সালের ৭ মে আদালতে আসামি নঈম খাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বাদীসহ সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৩ (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি কেবিএম আরিফুল হক। আসামি পক্ষে আইনজীবী ছিলেন আবুল কালাম আজাদ।