মাদক মানুষকে দানবে পরিণত করে
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ১৮ এপ্রিল বিকেল সাড়ে চারটায় পরামর্শ সহায়তা-৫৯-এর আসরটি অনুষ্ঠিত হয় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। এ আয়োজনে মাদকাসক্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মনোরোগ চিকিৎসক ও বিশেষজ্ঞরা মাদকাসক্তি নিরাময়ের জন্য তাঁদের বিভিন্ন পরামর্শ দেন। পরামর্শ সহায়তা অনুষ্ঠানের আলোচিত বিষয়গুলো এখানে তুলে ধরা হলো।

মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মোহিত কামাল সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ নতুন-পুরোনো অনেকে এই অনুষ্ঠানে এসেছেন। অনুষ্ঠানে এসে অনেকে সুস্থ হয়েছেন। অনেকে প্রতিজ্ঞা করেছেন, জীবনে আর কখনো মাদক গ্রহণ করবেন না। এসব আমাদের অনুপ্রাণিত করে। আজ একটা বিশেষ কথা বলে শুরু করতে চাই, বিশ্বব্যাপী মাদক প্রতিরোধে শিশুদের কিছু মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া দরকার। তাদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে পারিবারিক শিক্ষা প্রয়োজন। আমরা পরিবারের প্রত্যেক শিশুর প্রতি গুরুত্ব দেব। তারা আজ হাঁটার সুযোগ পায় না। তারা খেলাধুলা করার সময় ও সুযোগ পায় না। তাদের এসব সুযোগ দিতে হবে। খেলার পরে যে একটা জয়-পরাজয় থাকে, তা মেনে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে শিশুকাল থেকে। তাহলে শিশুরা আত্মবিশ্বাসী হবে এবং পরবর্তী সময়ে মাদক থেকে দূরে থাকবে। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি জিজ্ঞেস করার সুযোগ পান।
প্রশ্ন: আমার ভাই রিহ্যাবে (মাদকাসক্তি নিরাময়কেন্দ্র) আছেন। তিনি যখন সুস্থ হয়ে বাসায় ফিরবেন, তখন তিনি কী করবেন? কীভাবে সুস্থ থাকবেন?
পরামর্শ: রিহ্যাব থেকে তিনি যখন সুস্থ হয়ে বাসায় ফিরবেন, তখন পরিবারের সঙ্গে থাকবেন। একজন মানুষ যখন মাদক গ্রহণ করেন, তাঁর শরীরে এর প্রতিক্রিয়া দীর্ঘদিন থেকে যায়। সে জন্য চিকিৎসকের কাছে সময়মতো ফলোআপ করাতে হবে। বাসায় আসার পর তিনি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুসারে ওষুধ খাবেন। নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখবেন। এ সময় সব ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে। এমনকি নেশাগ্রস্ত বন্ধুদের কাছে যাওয়া যাবে না। অনেক সময় দেখা যায়, কেউ কেউ রিহ্যাব থেকে ফিরে এসে আবার সেই পুরোনো নেশাগ্রস্ত বন্ধুদের সঙ্গে দেখা করেন। কিন্তু নেশা করেন না। নেশা করার সময় তাঁদের কাছে থাকলে নেশার ধোঁয়া এসে তাঁকে নেশা করতে উৎসাহিত করবে। একসময় তিনি পুনরাসক্ত হয়ে পড়বেন। যেসব স্থানে নেশা করতেন, তাঁকে সেই স্থানে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ওই স্থানের আশপাশের রাস্তা দিয়ে পথ না চলাই ভালো। অনেক সময় ওই সব জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় নেশা করার ইচ্ছা জাগতে পারে। তাঁকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া যাবে না। মাদকাসক্ত ব্যক্তিরা নেশাদ্রব্য আনা-নেওয়ার কাজে মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। তাঁর হাতে বেশি টাকাপয়সা দেওয়া ঠিক হবে না। এ সময় পরিবারের অন্য সদস্যদের কিছু নিয়ম মেনে চলতে হবে। তাঁকে সব সময় নজরে রাখুন। তাঁকে বাজারে বা ওষুধ কিনতে একা পাঠাবেন না। প্রয়োজনে তাঁর সঙ্গে কাউকে পাঠাবেন। তাঁর মনে আঘাত দেবেন না। তাঁর নেশা করা নিয়ে ঠাট্টা বা সমালোচনা করা থেকে বিরত থাকুন। তাঁকে অধিক চাপের কাজ থেকে দূরে রাখুন। পরিবারের সঙ্গে তাঁর বন্ধন যত বেশি হবে, তিনি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
প্রশ্ন: আমার ছেলেকে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দিই। সেখানেই সে নেশায় জড়িয়ে পড়ে। দেশে ফিরে একটা চাকরি করত। চাকরি ছাড়ার পর আরও বেশি নেশাগ্রস্ত হয়ে যায়। তাকে দুবার রিহ্যাবে রেখেছি। আট বছর ধরে সে ইয়াবা সেবন করে আসছে। এখন কী করব?
পরামর্শ: দীর্ঘদিন ধরে আপনার ছেলে মাদক নেওয়া শুরু করেছেন। এতে আপনিও মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এ সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। যখন কেউ মাদক গ্রহণ করেন, তখন তিনি আর মানুষ থাকেন না। তিনি মতো দানবে পরিণত হন। এ সময় দানব–মন বিভিন্ন দুর্ঘটনার জন্ম দেয়। সন্তান তখন মা-বাবার গলায় ছুরি চালাতে দ্বিধা বোধ করেন না। আসলে এটি মাদকের রাসায়নিক বিক্রিয়ার ফল। এমন অবস্থায় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে। সন্তানের সঙ্গে সব সময় লেগে থাকতে হবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। হতাশ হবেন না। আমাদের কাছে এমনও ইতিহাস আছে, যেখানে একজন রোগী ১৬ বার চিকিৎসার পর সুস্থ হয়েছেন। তাই আপনারা ধৈর্য নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে থাকেন। এ ধরনের রোগীকে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব।
প্রশ্ন: আমি ১৯৯৫ সাল থেকে ফেনসিডিল সেবন করি। মাঝেমধ্যে ছাড়ি, আবার ধরি। কেউ যদি বলে খাওয়া ছেড়ে দাও, তাহলে খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায়। এ অবস্থায় কী করব?
পরামর্শ: আপনি নিজে এসেছেন, এ জন্য আপনাকে অভিনন্দন। আপনি যখন এমন সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এ সময় আপনি চারটি D অনুসরণ করবেন।
•D = Drinking Water (পানি বা পানীয় পান)
•D = Deep Breath (দীর্ঘশ্বাস নেওয়া)
•D = Delay (দেরি করা/অপেক্ষা করা)
•D = Divert (মনোযোগ সরিয়ে নেওয়া)
এমন অবস্থায় আপনি ঠান্ডা পানি বা পানীয়-জাতীয় জুস পান করুন। দীর্ঘশ্বাস নিন, ছাড়ুন, আবার নিন। এভাবে বেশ কয়েকবার নিতে থাকুন। নেশা চেপে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার মনোযোগ নেশার দিক থেকে সরিয়ে অন্যদিকে নেবেন। আপনাকে যাঁরা কটূক্তি বা সমালোচনা করেন, তাঁদের এড়িয়ে চলুন। তাঁদের কথায় কান দেবেন না। আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিন। পরিবারের অন্যান্য সদস্যকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যাবেন। আপনার পরিবারের সদস্যদের কিছু পরামর্শ মেনে চলতে হবে। আপনি ধূমপান ছেড়ে দিন। ধূমপান আপনার মস্তিষ্কের উত্তেজনা বাড়িয়ে দেয়। এ জন্য মাদক গ্রহণের প্রবণতা বাড়ে।
প্রশ্ন: আমি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেব। এইচএসসিতে আমার দুই বছর পাঠবিরতি হয়। এর পর থেকে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। বেশি রাত করে বাসায় ফিরি। বাসায় সবাই ভাবে আমি নেশাগ্রস্ত। আমি ধূমপান ছাড়া অন্য কোনো নেশা করি না। এ অবস্থায় আমি কী করতে পারি?
পরামর্শ: আপনি যেহেতু অনেক রাত করে বাসায় ফেরেন, এর মানে আপনি ঠিকমতো পড়াশোনায় সময় দিচ্ছেন না। আপনি বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা করবেন, তা আগে ঠিক করুন। লক্ষ্য স্থির করে সে বিষয়ে ভালোভাবে পড়াশোনা শুরু করুন। ভালোভাবে পড়াশোনা না করলে আপনি কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এ জন্য প্রথমে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করুন। পড়ার পর তা লিখুন। রাতে ঘুমতে যাওয়ার আগে সারা দিনের পড়াগুলো মনে মনে ভাবতে থাকুন। আপনি যেহেতু ছাত্র, তাই আপনার প্রথম ও প্রধান কাজ হবে পড়াশোনা করা। নির্দিষ্ট একটা রুটিন মানলে আপনার নিত্যদিনের জীবনযাপন আপনা-আপনি বদলে যাবে। পড়ালেখায় দীর্ঘ বিরতি থেকেও মানসিক সমস্যা ও হতাশা আসতে পারে। আপনার পরিবারের প্রতি পরামর্শ থাকবে, তারা যেন আপনার পড়ালেখা নিয়ে কোনো সমালোচনা না করে। এ সময় হতাশ না হয়ে পড়ালেখা চালিয়ে যাওয়া উচিত। আপনি যদি বেশি মানসিক সমস্যা মনে করেন, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিন। প্রাথমিক অবস্থায় ধূমপানের পরিমাণ কমিয়ে দিন। এভাবে আস্তে আস্তে ধূমপান ছেড়ে দিন। মনে রাখবেন, যেকোনো ধরনের নেশার প্রথম ধাপ হচ্ছে ধূমপান।
প্রশ্ন: আমার নাতি ইয়াবা সেবন করত। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাকে দেখানো হয়েছে। চিকিৎসার ১৫ দিন পরে সে আবার ইয়াবা সেবন শুরু করে। প্রায়ই ক্লাস থেকে পালাত। মাঝেমধ্যে রাতে বাসায় থাকত না। একসময় আত্মহত্যা করতে যায়। কী করব?
পরামর্শ: ইয়াবা নিতে নিতে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মাদক গ্রহণের ফলে এর রাসায়নিক উপাদান আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এটি মানসিকভাবে আমাদের অসুস্থ করে তোলে। এ ধরনের মানসিক অসুস্থতা থেকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। তাঁর অবস্থা এমন পর্যায়ে চলে গেলে তাঁকে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে। প্রয়োজনে বারবার দেখান। চিকিৎসার মাধ্যমে তাঁর শরীরে অবস্থিত মাদকের রাসায়নিক উপাদানগুলোর অবসান ঘটানো যাবে। তাঁকে পারিবারিকভাবে মানসিক সাপোর্ট দিয়েও ভালো রাখা যায়। কলেজে পাঠানোর সময় তাঁর সঙ্গে পরিবারের একজন সদস্যকে পাঠাবেন। আপনি তাঁকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করাতে পারেন। এখানে খুব কম খরচে চিকিৎসা নিতে পারবেন। তাঁকে নেশাগ্রস্ত বন্ধুদের কাছ থেকে দূরে রাখুন। তিনি কখন, কোথায় যান, সেদিকে লক্ষ রাখুন। আপনারা হতাশ হবেন না। ধৈর্য ধরে লেগে থাকুন। চিকিৎসার মাধ্যমে এর সমাধান হবেই।
প্রশ্ন: আমার ছেলে পাঁচ মাস ধরে রিহ্যাবে আছে। সে রিহ্যাব থেকে নিয়ে যেতে বলে। সে মাদক নেবে না বলে প্রতিজ্ঞা করেছে। এখন আমার কী করা উচিত?
পরামর্শ: আপনার ছেলেকে যে রিহ্যাবে রেখেছেন, সেখানে যদি মনোরোগ চিকিৎসক থাকেন, তিনি যদি ছয় মাস পরে নিয়ে যেতে বলেন, তবে নিয়ে আসুন। এরপর চিকিৎসকের ফলোআপ চালিয়ে যেতে হবে। ছয় মাসের কোর্সটা সম্পূর্ণ করতে হবে। শুধু ছয় মাসেই সব ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। রিহ্যাব থেকে ফেরার পর পরিবারের কিছু কাজ থাকে। এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। সব সময় তাঁকে নজরে রাখতে হবে। তাঁকে পুরোনো বন্ধুদের থেকে দূরে রাখুন। অনেক সময় রোগীরা রিহ্যাব থেকে চলে আসার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত দেখান। যেমন অনেকেই বলে থাকেন এখানে ঠিকমতো খাবার দেওয়া হয় না। রিহ্যাবের লোকেরা মারধর করেন। আমি ভালো হয়ে গেছি। অনেক সময় আপনাকে এ রকম মিথ্যা বোঝাতে পারেন। অনেকে মিথ্যা প্রতিজ্ঞা করে থাকেন। অনেকে দ্রুত চলে আসার জন্য রিহ্যাবের লোকজনদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। এ জন্য আপনার উচিত হবে রিহ্যাবের মনোরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া। তিনি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর অবস্থা বুঝতে পারবেন। রোগীকে বোঝাতে হবে, চিকিৎসক ছুটি দিলে আপনি তাঁকে বাসায় নিয়ে যাবেন।
প্রশ্ন: আমার স্বামী ১৯৯৮ সাল থেকে মাদক নেন। তিনি ফেনসিডিলে আসক্ত। সারা রাত জেগে থাকেন। আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেন। কী করব?
পরামর্শ: আপনার কথা শুনে মনে হচ্ছে, তিনি বিশেষ কোনো সমস্যার মধ্যে আছেন। তিনি মাদকাসক্ত। এর পাশাপাশি তিনি মানসিক রোগে আক্রান্ত কি না, তা দেখতে হবে। এ জন্য তাঁকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে হবে। আপনার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু আপনাকে সহায়তা করছে না, তাই আপনার বাবার বাড়ির লোকজনের সহায়তা নিন। আপনার কাছের বন্ধু বা নিকটাত্মীদের বিষয়টা জানান। যেকোনোভাবে তাঁকে চিকিৎসকের কাছে নিতে হবে। দীর্ঘদিন ধরে তিনি যেহেতু নেশায় আসক্ত, তাই খুব দ্রুত তাঁর চিকিৎসা নিতে হবে। তা না হলে আপনারা সবাই মারাত্মক সমস্যার মধ্যে পড়বেন। তিনি এখন আর মাদকাসক্তের প্রাথমিক পর্যায়ে নেই। তাঁকে বোঝানোর চেষ্টা করুন। এর পরও যদি তিনি চিকিৎসা নিতে না চান, তবে তাঁকে বিশেষ পদ্ধতিতে চিকিৎসা করানোর ব্যবস্থা নিতে হবে। রোগীকে ভর্তি করানোর বিশেষ পদ্ধতি সরকারি হাসপাতালে নেই। তবে বেসরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের ব্যবস্থা আছে। আপনি তাদের সেবা নিতে পারেন। এ ধরনের রোগীকে চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা যায়।
পরামর্শ দিয়েছেন যাঁরা:
ডা. মোহিত কামাল: অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
ডা. সুলতানা আলগিন: সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ডা. ফারজানা রাবিন: সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ, ঢাকা
ডা. মেখলা সরকার: সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল: নির্বাহী পরিচালক, আপন (মাদকাসক্ত নিরাময়কেন্দ্র)।
সঞ্চালনা: সাইদুজ্জামান রওশন
গ্রন্থনা: ফেরদৌস ফয়সাল