স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে ৫০ হাজারের বেশি মাদক-সংক্রান্ত মামলা ঝুলে আছে। এ ধরনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা আদালত করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘পৃথক আদালত করার এই প্রচেষ্টা সফল হলে মামলার জট তো কমবেই, আমরা তাৎক্ষণিকভাবে বিচারের ব্যবস্থা করতে পারব।’
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এবারের প্রতিপাদ্য বিষয় হলো—‘আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৪ সালে আদালতের বিভিন্ন পর্যায়ে মাদক আইনের মোট ৫১ হাজার ৮২৭টি মামলা ছিল। ২০১৫ সালে তা বেড়ে হয় ৫৭ হাজার ৪২৭টি। তিনি বলেন, ২০১৫ সালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ হাজার ৪৮৭টি মামলায় ৭ হাজার ৮২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
প্রতিবছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও নানা কর্মসূচি নেওয়া হয়।
গত দুই বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল ৪৩৯ জন বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দেশের ২৩ জেলার সাংগঠনিক কাঠামোতে প্রথম শ্রেণির কর্মকর্তার অফিস ছিল। এখন ৬৪ জেলাতেই তা হয়েছে। তিনি বলেন, মাদকের ব্যবহার কমিয়ে আনতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে মাদক পাচার রোধের চেষ্টাও অব্যাহত রয়েছে।
মাদক পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে ঢাকাসহ বিভাগীয় শহর এবং সিটি করপোরেশনগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শক্তিশালী ‘স্ট্রাইকিং ফোর্স’ গঠন করার পরিকল্পনার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন আসাদুজ্জামান খান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।