মাদক মামলার তিন আসামির যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এনামুল বারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আবদুল করিম (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৩) ও মো. কাওসার (৩৪)।
সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক বলেন, ২০১১ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আমবাগানে র্যাব-৫-এর সদস্যরা আসামিদের ২০০ গ্রাম হেরোইনসহ আটক করেন। পরে র্যাবের উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। এরপর ২০১১ সালে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনামুল বারী তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।