মাদক মামলার সাড়ে ৭ শতাংশ নিষ্পত্তি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকসংক্রান্ত মোট মামলার সাড়ে ৭ শতাংশ নিষ্পত্তি করা হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ৫৩ শতাংশ মামলায় আসামিদের সাজা হয়েছে। ৪৭ শতাংশ খালাস পেয়েছে। মাদক অপব্যবহার রোধে সচিবালয়ে আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এক বৈঠকে এই তথ্য জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকসংক্রান্ত ৫৫ হাজার মামলা বিচারাধীন। মামলার সংখ্যা বাড়ছে। বছরে ১০ হাজারের বেশি মামলা নিষ্পত্তি হয়নি। তিনি বলেন এটি সন্তোষজনক অবস্থা নয়।
তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় এলাকায় যারা মাদকপ্রভু হিসেবে কাজ করে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সহায়তা করতে পুলিশকে প্রেষণে সেখানে পাঠানো হবে।
মিয়ানমার থেকে দেশে ইয়াবা বড়ি পাচার হওয়ার পথ বন্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও স্বরাষ্ট্র মন্ত্রী জানান। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, বেদনানাশক ওষুধের সহজপ্রাপ্যতা রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।
সম্প্রতি পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় তাঁদের মাদকাসক্ত মেয়ে ঐশীর গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি নিজ নিজ সন্তানের ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।