মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার হওয়া মনোয়ারা বেগম (৩৭) নামের এক নারীকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ জি এম আল মাসুদ এ রায় দেন। রায় ঘোষণার সময় মনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মনোয়ারা জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. অহিদ মিয়ার স্ত্রী। আদালত একই মামলায় অপর আসামি অহিদ মিয়াকে বেকসুর খালাস দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা-পুলিশ লক্ষ্মীপুর গ্রামে অহিদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মনোয়ারার দেহ তল্লাশি করে সাদা পলিথিন প্যাকেটে মোড়ানো ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ছাড়া তাদের কাছে এক লাখ ৮০০ টাকা পাওয়া যায়। পুলিশ অহিদ মিয়া ও মনোয়ারাকে আটক করে। এ ঘটনায় ভৈরব থানার উপপরিদর্শক স্নেহাশীষ রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দিনই মামলা করেন। পুলিশ তদন্ত শেষে এই দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালতে রাষ্ট্রপক্ষে আবদুল খালেক দাদন ও আসামিপক্ষে মো. জহিরুল হক মামলা পরিচালনা করেন।