মাদক মামলায় জাবেদ ইমামের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক বিচারক জাবেদ ইমাম জামিন পেয়েছেন। রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার জামিনের এই আদেশ দেন।

জাবেদ ইমাম গত ১৪ আগস্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত সূত্রে জানা যায়, জাবেদ ইমাম ভোলার সহকারী জজ ছিলেন। ২০১২ সালের ১ ডিসেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর ব্যবহৃত গাড়ি থেকে ৩৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানা-পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আর ওই মামলায় ২০১৩ সালের ২৭ আগস্ট জাবেদ ইমামকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে খালাস পান তিনি। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৭ আগস্ট আপিল বিভাগ খালাসের আদেশ স্থগিত করে জাবেদ ইমামকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।