মাদক মামলায় তিন জনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি মদ রাখার দায়ে দুই ভাইসহ তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে আদালত তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেন।গতকাল চট্টগ্রামের পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন সালেহ আহমদের দুই ছেলে নূরুন্নবী (৩২) ও নূরউদ্দিন (২৮) এবং তাঁদের সহযোগী আবদুস সালাম (৩৩)। রায় ঘোষণার পর দুই ভাইকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার সাগরিকা সড়কের দক্ষিণে অবস্থিত জনৈক সালেহ আহমদের বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়ি থেকে ৮৮ ক্যান হানিক্যান বিয়ার, ৩০ বোতল লন্ডনের র্যাম ব্র্যান্ডের মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।