মাদক মামলায় দুই আসামিকে কিশোর দেখিয়ে প্রতিবেদন
এক হাজার সাত শ ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় দুই আসামিকে কিশোর দেখিয়ে অভিযোগপত্র দেওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলামকে তলব করেছেন আদালত। গত ২৯ আগস্ট ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আখতারুজ্জামান এই আদেশ দেন। কিশোর বিবেচনায় জামিন চাইতে গিয়ে ফেঁসে গেছেন আসামিসহ তদন্ত কর্মকর্তা। আদেশে বলা হয়, গত ৩০ মার্চ এক হাজার সাত শ ইয়াবাসহ সৈকত, বিমান ও রিমন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহিনুল কবীর বাদী হয়ে সবুজবাগ থানায় এ মামলা করেন। পরিদর্শক নজরুল ইসলাম তদন্ত শেষে গত ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে আসামি বিমান (১৬) ও রিমন বড়ুয়াকে (১৭) নাবালক হিসেবে উল্লেখ করেন। এ কারণে ওই দুই আসামিকে ৩১ মার্চ জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেন হাকিম আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, তদন্ত কর্মকর্তা কোন আইনের ভিত্তিতে ১৬ ও ১৭ বছর বয়সী দুজনকে কিশোর দেখিয়ে তদন্তে উল্লেখ করেছেন। একইভাবে ঢাকার পরিবেশ আদালত ২৩ জুলাই এক আদেশে তাদেরকে কিশোর হিসেবে উল্লেখ করেছেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করেছেন।সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বলেন, মামলার এজাহারে আসামির বয়স দেখানো হয়েছে এক রকম, আবার অভিযোগপত্রে আসামিদের বয়স দেখানো হয়েছে ১৬ ও ১৭ বছর। নাবালক হলে তাদের বিরুদ্ধে কিশোর সংশোধন আইনে মামলা করার সুযোগ রয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে তাদের কিশোর হিসেবে উল্লেখ করেছেন। গত ২৯ আগস্ট দুই আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। তখন বিষয়টি আদালতের নজরে আসে। আদালত দুই আসামিকে কীভাবে কোন আইনে অভিযোগপত্রে কিশোর হিসেবে মতামত দিয়েছেন, এ বিষয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।