মাদক মামলায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার বাউফলের কালিমান্তি গ্রামের সুমন হাওলাদার(৩৯) এবং বরিশালের হিজলা উপজেলার চরকিল্লা গ্রামের সাহাব উদ্দিন সরদার (৩৩)।
সরকারি অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) জাসমিন আহমেদ বলেন, ২০০৯ সালের ২৯ নভেম্বর সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে ২৬৮ বোতল ফেনসিডিলসহ সুমন ও সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-১১। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করে। আসামি দুজন জামিনে বের হওয়ার পর থেকে পলাতক আছেন।