মাদক মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু
বেআইনিভাবে অ্যালকোহল (ক্রাউন ও হান্টার) উৎপাদন এবং তা বাজারজাতকরণের অভিযোগে করা মামলায় যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ও তাঁর স্ত্রী, ছেলেসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সম্প্রতি হাইকোর্ট আসামিপক্ষের রিট আবেদন খারিজ করার পর দীর্ঘ ১২ বছর পর এ মামলার বিচারকাজ শুরু হলো।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার গতকাল মঙ্গলবার নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ
গঠন করে ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
২০০৪ সালের ৮ মার্চ গাজীপুর জেলার কালিয়াকৈর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না নিয়ে বেআইনি অ্যালকোহল-জাতীয় ক্রাউন ও হান্টার উৎপাদন করেন। এই অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর অঞ্চলের পরিদর্শক আজাদুল ইসলাম সালাম গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় এ মামলা করেন। গতকাল আদালত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(১)-এর (ক) ধারা এবং ২২ (গ) ধারায় অভিযোগ গঠন করেন।
গতকাল আসামি নুরুল ইসলাম, তাঁর স্ত্রী সালমা ইসলাম ও শামীম ইসলামের পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করে দেন আদালত। আদালতে উপস্থিত নুরুল ইসলাম, স্ত্রী সালমা ইসলাম ও শামীম ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এ মামলার অপর এক আসামি সুরুজ রহমান পলাতক আছেন।