মাদক মামলায় সাজাপ্রাপ্তরা বিশেষ ক্ষমা পাবে না
মাদকের মামলায় সাজাপ্রাপ্ত কোনো কয়েদি সরকারের বিশেষ ক্ষমা পাবেন না। একই সঙ্গে একাধিক ধারায় দণ্ডিত বা একাধিক মামলায় বিচারাধীন, দণ্ডিত বা দণ্ডের বিরুদ্ধে আপিল চলছে এমন কয়েদিকে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া যাবে না।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে ঈদুল ফিতর উপলক্ষে ৬৯ জন সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তির সুপারিশসংবলিত তালিকা পাঠানো হলে তিনি এই নির্দেশ দেন। উল্লেখ্য, ওই ৬৯ জনের মধ্যে ৫৫ জনই ছিল মাদক মামলার আসামি। বর্তমানে নারী ও শিশু নির্যাতন, দণ্ডবিধি, এসিড অপরাধ দমন আইন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে সাজাপ্রাপ্ত এবং তফসিলভুক্ত কোনো আইনের অপরাধসহ যেকোনো ধারায় দণ্ডপ্রাপ্ত কয়েদি সরকারের বিশেষ ক্ষমা পান না।স্বাধীনতা ও জাতীয় দিবস, বিজয় দিবস এবং দুই ঈদ উপলক্ষে বন্দী মুক্তি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কারাগার থেকে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সেই তালিকা সুপারিশের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠায়। সংবিধানের অনুচ্ছেদ ৪৯ এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি কোনো আদালতের দেওয়া দণ্ড মওকুফ, স্থগিত বা কমাতে পারেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া যেতে পারে এমন ২০৪ জনের নাম আসে ৪৩ জেলা থেকে। প্রত্যেক বন্দীর তথ্য পর্যালোচনা করে এদের মধ্যে ৬৯ জনের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশের জন্য পাঠানো হয়।বিশেষ ক্ষমা না করে প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তালিকায় অধিকাংশ মাদকদ্রব্যসংক্রান্ত গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত। সাধারণত যাদের অর্ধেক বয়স হয়ে গেছে এবং দীর্ঘদিন কারা ভোগ করেছে তাদের নাম থাকে। মাদক নিয়ে যারা ধরা পড়বে, তাদের শাস্তি কমানোর কোনো যুক্তি নেই।’সূত্রমতে, ওই তালিকা থেকে মাত্র ১৪ জনকে বিশেষ ক্ষমায় মুক্তি দিতে সুপারিশ করেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এর আগে কখনো ঈদ উপলক্ষে এত কম বন্দীদের মুক্তি দেওয়া হয়নি।জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত যে ৫৫ জনের নাম ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারজন, গাজীপুরের দুজন, কাশিমপুর কারাগারের ছয়জন, গোপালগঞ্জের দুজন, রাজশাহীর একজন, বগুড়ার তিনজন, রংপুরের একজন, লালমনিরহাটের একজন, দিনাজপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের দুজন, কুমিল্লার একজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, চট্টগ্রামের একজন, নোয়াখালীর একজন, ফেনীর দুজন, সিলেটের দুজন, যশোরের দুজন, খুলনার দুজন ও কুষ্টিয়া কারাগারের একজন রয়েছেন।এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাইন উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘বিশেষ ক্ষমা তাঁরাই পাবেন যাঁরা অক্ষম, অচল ও গুরুতর দুরারোগ্য রোগে আক্রান্ত। মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বিশেষ ক্ষমা না পাওয়ার বিষয়টি পরিপত্রে উল্লেখ ছিল না বলেই মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল।’দেশের ৭৬টি কারাগারের ধারণক্ষমতা ২৩ হাজার হলেও বর্তমানে কয়েদি ও হাজতির সংখ্যা ৭৩ হাজার। অতিরিক্ত ভিড় কমানোসহ বিভিন্ন উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বন্দী, গুরুতর অসুস্থ ও বৃদ্ধ কয়েদিদের মুক্তি দেওয়ার কথা। কিন্তু এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে।