মাদক মামলায় ৩ জনকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আবদুল করিম (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৩) ও মো. কাওসার (৩৪)।

সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের একটি আমবাগানে ২০০ গ্রাম হেরোইনসহ আসামিরা র‌্যাব-৫–এর হাতে আটক হন। পরে র‌্যাবের উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারায় মামলা করেন। এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
শুনানি শেষে আজ আদালত রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।