কর্মশালা বিজ্ঞানের। অংশ নেয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থী। এই কর্মশালায় মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার শপথ নিয়েছে তারা। চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালা।
দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন। কর্মশালা শেষে ছিল বিজ্ঞান নিয়ে কুইজ। এতে বিজয়ী আট শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, শিক্ষক তসলিমা বেগম ও ইমরান উদ্দিন শাহ।
অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, বিজ্ঞানশিক্ষার প্রসারে এ ধরনের কর্মশালা ইতিবাচক প্রভাব রাখবে। শিক্ষার্থীরাও বিজ্ঞানচর্চায় উৎসাহিত হবে।
গতকালের কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সহসভাপতি শিহাব জিশান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম তানভীর, উপসাংগঠনিক সম্পাদক অদিতি মজুমদার, সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল চৌধুরী, প্রচার সম্পাদক শাওন রায় ও নারীবিষয়ক সম্পাদক তাহসীন চৌধুরী।
নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানবিষয়ক কর্মশালা চলছে।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।