মাদক-মূর্তি ব্যবসায় দ্বন্দ্ব, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে মাদক ও মূর্তি ব্যবসার দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া কারিগরপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি একসঙ্গে মাদক ও মূর্তির ব্যবসা করে আসছিল। বুধবার রাত ১০টার দিকে তারা সবাই মিলে একটি বাড়িতে গাঁজার আসর বসায়। এ সময় ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়। এ সময় জাহিদুল তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহীর বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরজন সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, মাদক ও মূর্তি ব্যবসার দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।