সিলগালা করা কনটেইনারটির ড্রামে থাকা তরল পরীক্ষা করে মাদক শনাক্ত করা যায়নি। তবে বন্দরচত্বরের খোলা জায়গায় করা প্রাথমিক এই পরীক্ষায় সন্তুষ্ট নয় পুলিশ এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁদের সন্দেহ কনটেইনারে থাকা সূর্যমুখী তেলের চালানের ১০৭টি ড্রামের একটি বা দুটিতে মাদক মিলতে পারে। এ জন্য সবকটি ড্রামের নমুনা আবারও পরীক্ষা করার সিদ্ধান্ত হয়েছে।
বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি আমদানি করা হয়েছে। তবে পণ্যের জাহাজীকরণ হয়েছে উরুগুয়ের মন্টিভিডিও বন্দরে। ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় গত মে মাসে। সূর্যমুখী তেলের আড়ালে মাদক আনা হয়েছে পুলিশের এমন সন্দেহে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা গত শনিবার রাতে কনটেইনারটি সিলগালা করেন।
পুলিশ, কাস্টমস, শুল্ক গোয়েন্দা, বন্দর কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে গতকাল সোমবার বন্দরচত্বরে কনটেইনারটি খোলা হয়। ভেতরে থাকা ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। প্রতি ড্রাম থেকে সূর্যমুখী তেলের নমুনা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা বন্দরচত্বরেই রাসায়নিক বিকারক (রি-এজেন্ট) দিয়ে এই তেল পরীক্ষা করেন। একই সঙ্গে নৌবাহিনীর রাসায়নিক পদার্থ শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমেও ড্রামে থাকা তরল পদার্থে কী কী উপাদান আছে তা শনাক্ত করা হয়।
প্রাথমিক পরীক্ষা শেষে দুলাল কৃষ্ণ সাহা প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক রীতি অনুযায়ী দুটি বিকারক দিয়ে প্রতিটি নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো নমুনায় মাদকের (কোকেনের) উপস্থিতি শনাক্ত হয়নি। তবে উন্নত কোনো পরীক্ষাগারে আবারও এসব নমুনা পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নৌবাহিনীর রাসায়নিক শনাক্তকরণ ও বিশ্লেষণ যন্ত্রে পরীক্ষার পর এই তরলে চারটি উপাদান পাওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে কর্ন অয়েল ১৮ দশমিক ১ শতাংশ, সানফ্লাওয়ার অয়েল ১৫ দশমিক ১ শতাংশ, কটন সিড অয়েল ১৪ দশমিক ২ শতাংশ ও সয়াবিন অয়েল ১৩ দশমিক ২ শতাংশ। যে যন্ত্রটি দিয়ে এই উপাদান বিশ্লেষণ করা হয়েছে সেটি বিভিন্ন ধরনের মাদকসহ প্রায় সাড়ে আট হাজার উপাদান শনাক্ত করতে সক্ষম বলে নৌবাহিনীর এক কর্মকর্তা জানান। তবে নৌবাহিনীর পরীক্ষার ফল গতকাল রাত ১০টা পর্যন্ত জানানো হয়নি।
পরীক্ষা শেষে বিকেলে বন্দরচত্বরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, প্রাথমিক পরীক্ষায় মাদকদ্রব্য শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, এই চালানের এক বা দুটি ড্রামে মাদক আছে বলে সন্দেহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি ড্রাম থেকে নমুনা নেওয়া হয়েছে। এসব নমুনা নির্ভরযোগ্য কোনো পরীক্ষাগারে পাঠানো হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এ কারণে আমাদের প্রধান রাসায়নিক পরীক্ষক নিয়ে এখানে ফিল্ড টেস্ট করানো হয়েছে।’
চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে কনটেইনারটি আমদানি হয়। তবে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এই পণ্য আমদানির সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। এ ঘটনায় খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তাফাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটক গোলাম মোস্তফাকে গতকাল সন্ধ্যায় বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, মোস্তফাকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
গতকাল পরীক্ষার সময় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কাস্টমস, বন্দরসহ বিভিন্ন সংস্থার অর্ধশত ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।