মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবারকেই ধ্বংস করে। ঘৃণা দিয়ে নয়, মাদকাসক্ত ব্যক্তিকে কাছে টানতে হবে। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাড়াতে হবে সহযোগিতার হাত। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাকে 

সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে।

গতকাল রোববার মানিকগঞ্জে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বিকেল চারটার দিকে জেলা শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল ইসলাম, অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া, মাদকাসক্তি চিকিৎসা নিবাস ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আজিজুল হক প্রমুখ।

ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের সেবা পাওয়ার অধিকার আছে। মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরে আনতেও দায়িত্ব আছে। ঘৃণা না করে একজন মাদকাসক্ত ব্যক্তিকে কাছে টানতে হবে। তাঁকে ভালোবাসতে হবে, চিকিৎসা করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বলেন, মাঝেমধ্যে বৈধ মদের অবৈধ ব্যবহার হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এ মাদক যাচ্ছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।

মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, মাদক হলো ডায়াবেটিস রোগের মতো। ডায়াবেটিস রোগীদের নিয়মিত চিকিৎসা করাতে হয়, তেমনি মাদকাসক্ত ব্যক্তিদেরও নিয়মিত উপযুক্ত চিকিৎসা দিতে হয়। মাদকাসক্ত ব্যক্তির উপযুক্ত চিকিৎসা করালে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তিনি।