প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাদের আশাবাদ
মাদক-সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখবে কমিউনিটি রেডিও
বাংলাদেশে কমিউনিটি রেডিওর কার্যক্রম জোরদার করার বিষয়ে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মাদকের অপব্যবহার রোধে তৃণমূলের এই গণমাধ্যম জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায়ও কমিউনিটি রেডিওকে উদ্যোগী হতে হবে বলে অভিমত দিয়েছেন।
বক্তারা বলেছেন, কমিউনিটি রেডিও কেবল শহর ও গ্রামের মধ্যে দূরত্ব ঘোচায়নি, কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলার ও শোনার সুযোগ করে দিয়েছে। রাষ্ট্র ও গ্রামীণ মানুষের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। গ্রামাঞ্চলে সূচনা হয়েছে এক নতুন যুগের।
রাজধানীর শেরেবাংলা নগরে আইডিবি ভবনের সম্মেলনকক্ষে গতকাল রোববার সকালে ‘দারিদ্র্য মোকাবিলা ও উন্নয়ন প্রচেষ্টায় বাংলাদেশে কমিউনিটি রেডিওকে শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা বক্তব্য দেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড। কমিউনিটি রেডিও যাতে স্থানীয় উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে এ প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান বলেন, সরকার দ্বিতীয়বারের মতো নতুন করে কমিউনিটি রেডিওর জন্য আবেদন আহ্বান করেছে, কারণ এই রেডিও এখন গ্রামীণ জনগোষ্ঠীর মুখপত্র। তিনি শিক্ষা বিষয়ে বেশি বেশি অনুষ্ঠান প্রচার করে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখার জন্য কমিউনিটি রেডিও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে ইউরোপীয় ডেলিগেশনের হেড অব কো-অপারেশন ফিলিপ জ্যাকস এ দেশে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, অংশগ্রহণ ও তথ্য অধিকার আইন বাস্তবায়নে এ প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
সকালে উদ্বোধনী বক্তব্যের পর বাংলাদেশে ১৪টি কমিউনিটি রেডিওর ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। এরপর টেকনাফের রেডিও নাফ এবং মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয়। নাফের স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম জানান, ঘূর্ণিঝড় মহাসেনের খবর জানতে স্থানীয় মানুষ রেডিও নাফের ওপর নির্ভর করেছে। আর পল্লীকণ্ঠের মেহেদী হাসান জানালেন, তাঁর ৯৫ শতাংশ অনুষ্ঠানের ভাষা স্থানীয় আর নারী শ্রোতা তাঁদের বেশি। তবে তাঁরা দুজনই বিদ্যুতের সংকট ও কারিগরি ত্রুটির কারণে সম্প্রচার ব্যাহত হয় বলে উল্লেখ করেন।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফ্রি প্রেস আনলিমিটেডের দলনেতা লিও ভ্যান বুগার্ড, দক্ষিণ এশিয়াবিষয়ক কর্মসূচি ব্যবস্থাপক ডেস ডেমিয়ানোভা, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনীতিবিষয়ক) হেনরিক ভ্যান অ্যাসচ ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রেডিও) রেবা রানী সাহা।
কমিউনিটি রেডিওতে দক্ষ জনবলের সংকট, নিজস্ব আয়ের উৎস তৈরি না হওয়া, প্রশিক্ষণের অভাবসহ যে চ্যালেঞ্জ রয়েছে, সরকারের নিবিড় সহায়তায় এবং এ প্রকল্পের মধ্য দিয়ে তা কাটিয়ে ওঠা যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বর্তমানে দেশে ১৪টি কমিউনিটি রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে। অনুমোদন পেয়েছে আরও দুটি। ৫৩৬ জন গ্রামীণ নারী ও পুরুষ সম্প্রচারকর্মী হিসেবে কাজ করছেন। ১৩ জেলার ৬৭টি উপজেলার ৪৬ লাখ মানুষ কমিউনিটি রেডিও সম্প্রচারের আওতায় আছে।
সরকার গত ২১ আগস্ট দ্বিতীয় পর্যায়ে কমিউনিটি রেডিও স্থাপনের জন্য দরখাস্ত আহ্বান করেছে।