মাদক-সন্ত্রাসের অভিযোগে ফেনীতে দুই ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা ও সন্ত্রাসের অভিযোগে ফেনী সদর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তারের কথা জানায় ফেনী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন ওরফে মুহুরী বেলাল (৩৫) ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াছিন ওরফে সোহাগ (৩২)। বেলাল হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগসহ ১০টি মামলা এবং সোহাগের বিরুদ্ধে সন্ত্রাস-মারামারিসহ চারটি মামলা রয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান ইউপি সদস্য গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় এলাকা থেকে বেলাল হোসেন ওরফে মুহুরী বেলালকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গ্রেপ্তার করেন। পরে তাঁকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে ফেনী থানা পুলিশ সকালে কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে মো. ইয়াছিন ওরফে সোহাগকে গ্রেপ্তার করে।

কাজিরবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মদ জানান, গ্রেপ্তার হওয়া ইউপি সদস্য মো. ইয়াছিন ওরফে সোহাগ তাঁকে গুলি করার হুমকি দিয়েছিল।

ওসি মো. রাশেদ খান জানান, বেলালের এবং সোহাগের বিরুদ্ধে মামলা রয়েছে।