মাদক সন্দেহে বন্দরে কনটেইনার সিলগালা খোলা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি চালানের তথ্য অনুযায়ী, কনটেইনারে থাকা পণ্য সূর্যমুখী ভোজ্যতেলের। বলিভিয়া থেকে আমদানি করা দুই টন তেলের এ কনটেইনারটির জাহাজীকরণ হয় উরুগুয়ের মন্টিভিডিও বন্দরে। তবে তেলের আড়ালে ‘মাদক’ আনা হয়েছে, পুলিশের এমন সন্দেহে কনটেইনারটি সিলগালা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।
আজ সোমবার বেলা ১১টায় কাস্টমস, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক ও শিপিং এজেন্টের প্রতিনিধিদের উপস্থিতিতে কনটেইনারটি খোলার কথা রয়েছে।
গত শনিবার রাতে চট্টগ্রাম বন্দর চত্বরে কনটেইনারটি সিলগালা করা হয়। এ ঘটনায় পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের এক কর্মীকেও আটক করেছে পুলিশ।
কাস্টমসের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ১ হাজার ৫৬৩ টন সূর্যমুখী তেল আমদানি হয়েছে। ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা বলছেন, বলিভিয়া থেকে সাধারণত সূর্যমুখী তেল আমদানি হয় না।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কনটেইনারটিতে অবৈধ মাদকদ্রব্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ।’
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, কনটেইনারের ভেতরে ১০৭টি ড্রাম রয়েছে। গত ১২ মে চালানটি উরুগুয়ে থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে এমন সন্দেহে কনটেইনারটি সিলগালা করে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। আজ সোমবার কনটেইনারটি খোলার পর নিশ্চিত হওয়া যাবে, এতে কী পণ্য রয়েছে।’
পুলিশ ও শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, পণ্যটি খাতুনগঞ্জের খানজাহান আলী লিমিটেডের নামে আমদানি করা হয়েছে। পুলিশ তদন্ত করে পণ্য আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মী গোলাম মোস্তফার সংশ্লিষ্টতা পায়। পরে গতকাল তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। গোলাম মোস্তফা খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক (হিসাব) পদে কর্মরত।
জানতে চাইলে খান জাহান আলী লিমিটেডের মালিক ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক নূর মোহাম্মদ প্রথম আলোর কাছে দাবি করেন, এই পণ্য তাঁরা আমদানি করেননি। তিনি জানান, তাঁর প্রতিষ্ঠান মসলা ও রাসায়নিক পদার্থ আমদানি করে। প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ এই কাজ করেছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে জানান, আটক গোলাম মোস্তফা তাঁর এক আত্মীয়ের মাধ্যমে এ কনটেইনাটি আমদানি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে জিজ্ঞাসাবাদে কনটেইনারে কী আছে সে বিষয়ে তিনি মুখ খোলেননি।