মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও বড় ভূমিকা রাখা যায়। যেখানে মাদক ব্যবসায়ী, সেখানেই সচেতনতার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা উচিত। কারণ মাদক সুন্দর সমাজের শত্রু। গতকাল মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ‘মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ সভার আয়োজন করে। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ। সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্লাহ কাজল।