মাদক সেবন ও বহনের দায়ে ৫ জনের কারাদণ্ড
মাদক সেবনের অপরাধে জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল বৃহস্পতিবার তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাবনার বেড়ায় গত বুধবার দেশি মদ বহনের দায়ে দুজনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।পাঁচবিবি থানার পুলিশ গাঁজা সেবনের অভিযোগে গতকাল দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শাহজাহান (৪৫), পাঁচবিবির চড়াকেশবপুর গ্রামের মো. মিন্টু (৩০) এবং বড়মানিক গ্রামের মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম মো. শাহজাহানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মিন্টু ও মো. মিলনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই আদালত জুয়া খেলার অভিযোগে পাঁচবিবির পারুইল গ্রামের সুলতান মাহমুদকে (৩৫) এক হাজার টাকা জরিমানা করেন। গত বুধবার বেড়া উপজেলার নান্দিয়ারা গ্রামের আফতাব শেখ (৪৮) ও সুজানগর উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মিন্টু কাজী (৩০) দুটি পাত্রে ১০ লিটার মদ নিয়ে এলাকায় ফিরছিলেন। পথে বেড়া থানা পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ নাহিদ ইসলাম তাঁদের প্রত্যেককে চার মাস করে কারাদণ্ড দেন।