মাদক সেবন নিয়ে ঝগড়া থেকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম (৩৪) ও কামাল হোসেন (২৭) বন্ধু। একসঙ্গেই তাঁরা মাদক সেবন করতেন। মাদক সেবন নিয়েই গত মাসে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেনকে হত্যা করেন জাহাঙ্গীর।
খিলগাঁও থানায় কামাল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার জাহাঙ্গীর পুলিশকে এ তথ্য জানিয়েছেন। গত সোমবার মতিঝিল এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে তিনি এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কামাল কদমতলীর রায়েরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
জাহাঙ্গীরের পৈতৃক বাড়ি ১০৭ কামালপুর। তিনি মান্ডার খালপাড় এলাকায় থাকতেন। তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মী সরবরাহের কাজ করতেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার নাদিয়া জুঁই প্রথম আলোকে বলেন, কামালের মতিঝিল এলাকায় ‘মোটর পার্টস’ বিক্রির একটি দোকান আছে। মাদক সেবনের সূত্র ধরেই তিন-চার বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে বন্ধুত্ব হয়। জাহাঙ্গীরের মাদক সেবনের কথা অন্য একজনকে বলে দিয়েছিলেন কামাল। এ নিয়ে গত এপ্রিলে জাহাঙ্গীরের সঙ্গে কামালের কথা-কাটাকাটি হয়। ক্ষিপ্ত হয়ে কামালকে হত্যার সিদ্ধান্ত নেন জাহাঙ্গীর। সে অনুযায়ী ১৬ মে কামালকে ডাকেন জাহাঙ্গীর। রাত ১০টার পর কামাল তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে মুগদা এলাকায় জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন। এরপর দুজন গাড়িতে করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে মাদক সেবন করেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাত দুইটার দিকে খিলগাঁও স্টাফ কোয়ার্টারের একটি বাসায় আসেন। বাসাটি জাহাঙ্গীরের মায়ের নামে বরাদ্দ দেওয়া। কিন্তু তিনি এখানে থাকেন না। মাঝেমধ্যে জাহাঙ্গীর এসে থাকেন। এই বাসায়ই ওই রাতের শেষ ভাগে ঘুমন্ত কামালকে জবাই করে হত্যা করেন জাহাঙ্গীর। ১৭ মে সারা দিন লাশ ওই বাসাতেই ছিল। ১৮ মে রাত দেড়টায় লাশটি খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে ফেলে যান জাহাঙ্গীর। আরও দুই ব্যক্তি জাহাঙ্গীরকে এ কাজে সহযোগিতা করেছেন। লাশটি তোশক দিয়ে মোড়ানো ছিল। লাশ বহনের জন্য কামালের গাড়িটিই ব্যবহার করা হয়েছিল।
নাদিয়া জুঁই বলেন, জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, খিলগাঁও স্টাফ কোয়ার্টার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। কামালের গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
নাদিয়া জুঁই বলেন, জাহাঙ্গীরের দুই সহযোগীকেও শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।