মাদক সেবন প্রশিক্ষণকেন্দ্র!
মাদকসেবীদের সঠিক নিয়মে মাদক সেবন শেখাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে এক ব্যতিক্রমী প্রশিক্ষণকেন্দ্র খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সান্তাহার শহরের মাদক ব্যবসায়ী মুন্নি বেগম ও তাঁর স্বামী আবদুল হামিদ খান শহরের ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা বস্তিতে তাঁদের বাড়িতে এই প্রশিক্ষণকেন্দ্র খুলেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। মুন্নি বেগম ও তাঁর স্বামী ছাড়াও এই কেন্দ্রে একাধিক প্রশিক্ষক আছেন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকার নারী ও পুরুষ এই প্রশিক্ষণকেন্দ্রে মাদক সেবন শিখতে আসেন বলে জানা গেছে। এই কেন্দ্রে সাধারণত হেরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন শেখানোর পাশাপাশি নেশার ইনজেকশন গ্রহণও শেখানো হয়। পার্শ্ববর্তী নওগাঁ শহর থেকে আসা খোকন নামের এক মাদকসেবী জানান, তিনি আগে গাঁজা সেবন করতেন। পরে মুন্নির বাসায় এসে হেরোইন সেবন ও নেশার ইনজেকশন নেওয়া শিখেছেন। তিনি আরও জানান, এসব শিখতে মুন্নি ও তাঁর স্বামীকে কোনো টাকা দিতে হয় না। তবে তাঁদের কাছ থেকে হেরোইন ও নেশার ইনজেকশন কিনতে হবে—এই শর্তে এসব সেবন শেখান তাঁরা। নাম প্রকাশ না করার শর্তে বস্তির একাধিক বাসিন্দা জানান, ওই বাড়িতে মাদক সেবন ও মাদকদ্রব্য বেচাকেনা হয়। মুন্নি ও তাঁর স্বামীর এসব অন্যায় কাজের কেউ প্রতিবাদ করতে সাহস পান না। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মাহাবুবুল আলম বলেন, এ ধরনের কোনো প্রশিক্ষণকেন্দ্র গড়ে ওঠার বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ এ ধরনের কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মুন্নি বেগম ও তাঁর স্বামী হামিদ খানকে গ্রেপ্তার করে একাধিকবার জেলহাজতে পাঠানো হয়েছে। কিন্তু আদালত থেকে তাঁরা ছাড়া পেয়ে যান। মুন্নি বেগম বলেন, তাঁর বাসায় কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই। তবে যাঁরা হেরোইন সেবন করেন, শুধু তারাই তাঁর এখানে আসেন।