মাদক সেবনে বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনে বাধা দেওয়ায় বেবী আকতার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলার পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদ শফির ছেলে ছৈয়দ আলমের (৩০) সঙ্গে তাঁর স্ত্রী চার সন্তানের জননী বেবী আকতারের (৩৫) মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছৈয়দ আলম দা দিয়ে স্ত্রীকে কোপানোর পাশাপাশি মারধরও করেন। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে গলায় ফাঁস লাগানো অবস্থায় বেবীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। বেবী সদর ইউনিয়নের বাসিন্দা আলী আহমদের মেয়ে। বেবী আকতারের বাবা আলী আহমদ বলেন, ‘এর আগেও মাদক সেবনে বাধা দেওয়ায় বেবীকে তাঁর স্বামী মারধর করেছে বলে আমাকে জানানো হয়েছিল। গতকাল একইভাবে নির্যাতন করা হয়। বেবীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত ছৈয়দ আলমকে প্রধান আসামি করে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।’মডেল থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।