মাদক সেবনের দায়ে দুই হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারার অভ্যাগত পাড়া গ্রামের দিনার হোসেন (১৭) নামের এক কিশোরকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। দিনার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাবুর রহমানের ছেলে।
আদালতের বিচারক ইউএনও তরিকুল ইসলাম বলেন, দিনারের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আনা হয়েছে। তাঁর কাছে কোনো মাদকদ্রব্য না পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ আলী বলেন, দিনার মাদকাসক্ত। জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে নিজের মাকে হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার সকালে অভ্যাগত পাড়া গ্রাম থেকে পুলিশ দিনারকে আটক করে। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
দিনারের মা তানজিমা খাতুন জানান, তাঁর বড় ছেলে দিনার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য পরিবারের লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত, মারধর করত এবং বাড়ির আসবাব ভেঙে ফেলত। গত বুধবার রাতে নেশার টাকা না পেয়ে একটি হাঁসুয়া নিয়ে তাঁকে তাড়া করে। এ সময় তিনি পালিয়ে আত্মরক্ষা করেন। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে তিনি তাঁর ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে পুলিশ দিনারকে আটক করে।