মাদক সেবনের দায়ে বাস চালকের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বাসচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল আদালত তাঁকে এ সাজা দেন। দণ্ড পাওয়া বাসচালকের নাম আবদুস সালাম (৫০)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান গতকাল বিকেলে আবদুস সালামকে কারাদণ্ড দেন। পুলিশের মাধ্যমে তাঁকে গতকাল বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ওই চালক গতকাল কুড়িগ্রাম থেকে যাত্রীবাহী বাস নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। বেলা আড়াইটায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় আসার পর বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের ব্যাগের ভেতর থেকে পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। চালক আদালতকে জানিয়েছেন তিনি নিয়মিত ফেনসিডিল খান। এ কারণে চালককে কারাদণ্ড দেওয়া হয়।