মাদক সেবনের প্রতিবাদ করায় নির্যাতন
লালমনিরহাট পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় নির্যাতনের শিকার হয়েছেন রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র অধিকারী। তাঁর বাগানে দীর্ঘদিন ধরে চলে আসা মাদক সেবন ও জুয়া খেলার প্রতিবাদ করায় তিনি নির্যাতনের শিকার হন।
একই কারণে দুষ্কৃতকারীরা ৫ জানুয়ারি রাতে গাছের সুপারি চুরি ও ঝাড়ের বাঁশ কেটে নিয়ে যায়।
১৪ জানুয়ারি দুপুরে জগদীশ লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু গতকাল রোববার পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়নি।
জগদীশ বলেন, ‘আমার বাগানে ওরা জুয়া খেলে, মাদক সেবন করে। অথচ এর প্রতিবাদ বা বিরোধিতা করলে ওরা আমাদের গালি দেয়। পাঁচ-ছয় বছর ধরে প্রায় নিয়মিতভাবে এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। এর আগে ওরা সুপারি চুরি করলে ও বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিলেও থানায় কখনো অভিযোগ করিনি। এবার অভিযোগ করলাম। কিন্তু পাঁচ দিনেও তা থানায় রেকর্ড হলো না।’
সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কনক চন্দ্র সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘প্রতিদিন কত অভিযোগ আসে, তার সবগুলো কি মামলা হয়?’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ‘কনক চন্দ্র সরকার কেন আমাকে এ ব্যাপারে কিছু বললেন না, তা খতিয়ে দেখব। অভিযোগ যেহেতু করা হয়েছে, কাজেই তা রেকর্ড করা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ বলেন, যেভাবে মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র অধিকারীর পরিবারকে দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে, তা জঘন্য নির্যাতন।
অভিযোগপত্র থেকে জানা যায়, জগদীশ চন্দ্র অধিকারীর বাড়িতে ৫০টি সুপারিগাছ ও বাঁশের দুটি ঝাড় রয়েছে। ওই বাঁশঝাড় ও সুপারির বাগানে দীর্ঘদিন ধরে স্থানীয় দুষ্কৃতকারীরা মাদক সেবন করে ও জুয়া খেলে। ৫ জানুয়ারি রাতে দুষ্কৃতকারীরা গাছ থেকে প্রায় ৫০ হাজার টাকার সুপারি চুরি করে ও পাঁচ-ছয়টি বাঁশ কেটে নিয়ে যায়।