মাদক সেবনের প্রতিবাদ করায় বরুড়ায় স্ত্রী খুন
মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রী মঞ্জুমা বেগমকে (৩৫) জবাই করে মাথা বাড়ি থেকে ৩০০ গজ দূরে খড়কুটোর মধ্যে রেখে আসেন বলে শামছুল হকের বিরুদ্ধে অভিযোগ। মঞ্জুমার পরনের রক্তমাখা কাপড় পাওয়া যায় বসতঘরের পার্শ্ববর্তী বেওলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে। একই সঙ্গে তাঁর মুঠোফোন ও জবাইয়ে ব্যবহূত ছুরি পাওয়া যায় পাশের পুকুরে। মেয়েকে হারিয়ে করফুলের নেছা (৬০) এখন পাগলপ্রায়।বেওলাইন গ্রামে গিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১০ বছর আগে বেওলাইন গ্রামের শামছুল হকের সঙ্গে একই গ্রামের মঞ্জুমা বেগমের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। তাঁদের কোনো সন্তান নেই। বিয়ের পর মঞ্জুমার বাড়িতেই থাকতেন মাদক ব্যবসায়ী শামছুল হক। ঘটনার রাতে মঞ্জুমার ঘরে মনির হোসেন, আবুল বাশার, শাহজাহান ও অলিসহ বেশ কয়েকজনকে নিয়ে শামছুল গাঁজা সেবন করছিলেন। প্রতিবাদ করায় শামছুল তাঁকে মারধর করেন। ১০ এপ্রিল ভোরে শামছুল চিৎকার করে জানান, তাঁর স্ত্রী খুন হয়েছেন। কিন্তু পুলিশ আসার আগেই গা ঢাকা দেন তিনি। ওই দিনই মঞ্জুমার প্রথম সংসারের মেয়ে নিলুফা বেগম শামছুল হকের বিরুদ্ধে বরুড়া থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ‘মাদক ব্যবসা ও টাকা-পয়সার লেনদেন কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর থেকে শামছুল হক পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না।মঞ্জুমার ভাবি হোসনে আরার দাবি, এর আগেও মাদক ব্যবসা নিয়ে শামছুল স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করতেন। স্ত্রীকে দিয়ে তিনি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছেন। এমনকি মঞ্জুমার আগের সংসারের দুই মেয়ের টাকায় ভাগ বসাতেন। ওই গ্রামের আনোয়ার হোসেন ও কাজী জাহিদ জানান, তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।মামলার বাদী নিলুফা বেগম বলেন, ‘আমরা থানায় মামলার পাশাপাশি কুমিল্লার আদালতে আরেকটি মামলা করেছি। ওই মামলায় শামছুল হক, তাঁর আগের সংসারের দুই ছেলে, দুই ভাইসহ নয়জনকে আসামি করা হয়েছে। আমি আমার মায়ের হত্যাকাণ্ডের বিচার চাই।’ শামছুল হকের প্রথম স্ত্রী তাজ্জুতের নেছা বলেন, ‘দ্বিতীয় বিয়ে করার পর স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। তিনি মাদক ব্যবসা করেন কি না, জানি না। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, ‘এটি একটি জঘন্য হত্যাকাণ্ড। আমরা আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি।’