মাদক সেবনের প্রতিবাদ করায় হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদকসেবীরা হামলা চালিয়ে দিনমজুরের ঘর ভাঙচুর করেছে। মাদক সেবনের প্রতিবাদ করায় গত শনিবার রাত সাড়ে আটটার দিকে বাগড়া কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। দিনমজুর মো. হালিম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ঘরের পাশে একই গ্রামের হাবিল (২২) ও জমিল (১৯) আসর বসিয়ে গাঁজা সেবন করে আসছেন। এই আসরে মাঝেমধ্যে সাত-আটজন মাদকসেবী একত্র হয়। এ জন্য তিনি একাধিকবার নিষেধ করেছেন। শনিবার সন্ধ্যায় গাঁজা সেবনের আসর বসলে তিনি আবারও প্রতিবাদ করেন। এতে ওই দুজন মাদকসেবী ক্ষুব্ধ হয়ে তাঁকে ধাওয়া করেন এবং তাঁর ঘর ভাঙচুর করেন। এরপর ঘরের মধ্যে ঢুকে শোবার খাটসহ হাঁড়িপাতিল ভাঙচুর করেন। হালিমের স্ত্রী সুফিয়া খাতুন জানান, গাঁজার গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। নিষেধ করলে তাঁরা মারমুখী হয়ে ওঠেন। ওই গ্রামের অনেকে জানান, গাঁজার আসর বন্ধের জন্য ওই দুজনকে একাধিকবার নিষেধ করেছেন তাঁরা। তাঁদের কথা না শুনে সেখানে মাদক সেবন করে চলেছেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনিব্যবস্থা নেওয়া হবে।