মাদক হলো আরেক জঙ্গি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মাদক নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেছেন, মাদক হলো আরেক জঙ্গি। এটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। এটাকেও সবাই মিলে নিয়ন্ত্রণ করতে হবে।
আজ মুন্সিগঞ্জে জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একের পর এক জঙ্গি আস্তানা শনাক্ত করে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের মূলোৎপাটন করা হচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, পালিয়ে যায়নি। পালিয়ে না গিয়ে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রথম প্রতিরোধ করছে। ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও পুলিশ বাহিনী ও জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আপসহীন। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
আসাদুজ্জামান খান বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপশক্তি যাতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে না পারে—সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক ছিলেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন সাংসদ মৃণাল কান্তি দাস ও সাগুফতা ইয়াসমিন এমিলি।
বৃষ্টির মধ্যেই এই মহাসমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। সমাবেশ শুরুর আগে শহরে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়।