মাদকই ওয়ার্ডের মূল সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়কই সরু। ছবিটি গতকাল জহুরাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ সড়কই সরু। ছবিটি গতকাল জহুরাবাদ এলাকা থেকে তোলা l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মূল সমস্যা মাদক। স্থানীয় প্রশাসন, এলাকার গণমান্য ব্যক্তি, সাধারণ বাসিন্দা—সবাই একবাক্যে বলছেন, মাদক নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণের কারণে ওয়ার্ডের বেশির ভাগ সড়কই অপ্রশস্ত। আছে গ্যাসের সমস্যা।
গাবতলীর একাংশ, জহুরাবাদ, বাগবাড়ি, বাজারপাড়া, হরিরামপুর, দিয়াবাড়ি, বর্ধনবাড়ি, গোলারটেক, আনন্দনগর, কোটবাড়ি, জাহানাবাদ এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ নম্বর ওয়ার্ড গঠিত। ডিএনসিসির ১ দশমিক ৬১৫ বর্গকিলোমিটারের এই ওয়ার্ডের ভোটার প্রায় ৪৫ হাজার। থাকে লক্ষাধিক মানুষ। এই ওয়ার্ডেই আছে গাবতলী বাস টার্মিনাল আর গাবতলী পশুর হাট।
ডিএনসিসির ৯ নম্বর ওয়ার্ডটিতে বস্তি এলাকা বেশি। ফলে নানা সমস্যা থাকলেও ওয়ার্ডটি কম আয়ের মানুষের আবাসনের জন্য পছন্দের। ওয়ার্ডের বস্তিগুলো মাদকের আখড়া বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। ঢাকা মহানগরের অন্যতম প্রবেশপথ গাবতলী ও তুরাগ নদের সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন এলাকা থেকে এখানে মাদক আসে। ফলে এখানে ওয়ার্ডে মাদকের সমস্যা তীব্র।
এলাকার অন্তত ১০ জন বাসিন্দা বলেন, বস্তিতে দিনের বেলায়ও মাদক বিক্রি হয়। মাদকসেবীদের জন্য সন্ধ্যার পর এর আশপাশের রাস্তা দিয়ে চলাচল করতেও ভয় পায় অনেকে। তাঁরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্য, পুলিশের সোর্স ও প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে মাদক ব্যবসা চলে।
গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ছোট দিয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দারুস সালাম থানার কমিউনিটি পুলিশিং কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
ছোট দিয়াবাড়ি এলাকার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সুজাউদ্দিন বলেন, বস্তি ও ঘিঞ্জি এলাকা বলে মাদকের সমস্যা বেশি। মাদক নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে নিয়ে কাজ করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণই এখন বড় চ্যালেঞ্জ।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। এলাকার মোড়ে মোড়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। মাদক বিক্রেতা ও ক্রেতাদের বিষয়ে এলাকাবাসীর কাছে তথ্য চাওয়া হচ্ছে।
পুলিশের সোর্সদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে সেলিমুজ্জামান বলেন, বিভিন্ন কাজে পুলিশের সোর্সের প্রয়োজন হয়। মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় দুজন সোর্সকে আদালতে চালান করা হয়েছে। কোনো সোর্স মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তাঁকে ধরে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
এলাকা ঘুরে দেখা যায়, বাগবাড়ি, বড় বাজারপাড়া, গোলারটেক, দিয়াবাড়ি ও বেড়িবাঁধ ঘেঁষে নতুন নতুন অবকাঠামো উঠছে। তবে এসব অবকাঠামো পরিকল্পিতভাবে গড়ে উঠছে না। দু-চার কাঠা জমি কিনে যে যার মতো একেকটি বহুতল ভবন গড়ে তুলেছেন। রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা কেউ ছাড়েননি। ফলে পুরো ওয়ার্ডের বেশির ভাগ সড়কই সরু। পাশাপাশি দুটি রিকশা যাতায়াতেরও উপায় নেই।
জহুরাবাদ এলাকার বাসিন্দা এনায়েতউল্লাহ বলেন, পরিকল্পনা অনুযায়ী এলাকার উন্নয়ন হয়নি। যে যেভাবে পেরেছে, ঘরবাড়ি তুলেছে। এখন একটা রিকশা চলার জায়গা নাই। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স কিংবা আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে সেই উপায় নেই।
ওয়ার্ডের হরিরামপুর, আরজাবাদ, আনন্দনগর এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ সড়কই ভাঙাচোরা, এবড়োখেবড়ো ও খানাখন্দে ভরা। কয়েকটি সড়কে পানি নিষ্কাশনের নতুন নালা বসানো হয়েছে। তবে পিচঢালাই না হওয়ায় পুরো এলাকা ধুলায় ছেয়ে আছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর কয়েকটি সড়কের সংস্কারকাজ শুরু হয়। পানি নিষ্কাশনের নালা বসানোর কাজ শেষে নতুন স্ল্যাব বসানো হয়। এরপর থেকে এভাবেই পড়ে আছে। পিচঢালাই দেওয়া হয়নি।
ওয়ার্ডের দিয়াবাড়ি বাসস্ট্যান্ড মোড়ে সড়ক দখল করে বানানো হয়েছে মিনি বাসস্ট্যান্ড। সারি দিয়ে মূল সড়কের দুপাশজুড়ে রাখা হচ্ছে মিরপুর থেকে আবদুল্লাহপুর, ধউড়, আশুলিয়া পথে চলাচলকারী মিনিবাস। ফলে সড়কের প্রস্থ কমে যাওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকায় রয়েছে গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস না থাকায় রান্নাবান্না করতে সমস্যায় পড়তে হচ্ছে। সব বেলার খাবার রাতে রান্না করে রাখতে হয়। কখনো কখনো গ্যাস এলেও মোমবাতির মতো জ্বলতে থাকে।
দেখা যায়, পুরো ওয়ার্ডই বেশ অপরিচ্ছন্ন। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপ। প্রচুর ধুলা। প্রধান সড়কেই রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। মশার উৎপাতে অতিষ্ঠ ওয়ার্ডের বাসিন্দারা।
কাউন্সিলর
২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ওরফে আবুল কোম্পানি। গতকাল ওয়ার্ডের সমস্যা-সংকটের বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে আবুল হোসেন কথা বলতে রাজি হননি।