মাদককে 'না' বলতে তিন মেয়েকে নিয়ে সংবাদ সম্মেলন
মাদকদ্রব্য বিক্রি ও সেবনকে ‘না’ বলতে বগুড়ার শেরপুর উপজেলায় তিন মেয়েকে সঙ্গে নিয়ে সেলিনা বেগম (৩৫) নামে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। শেরপুর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সেলিনার বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে। তবে সংবাদ সম্মেলনে মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনার কলেজে পড়ুয়া বড় মেয়ে।
সেলিনা বলেন, তিনি ছিলেন গৃহিণী। স্বামী মজিবর রহমান ও কন্যাদের নিয়ে তাঁর সুন্দর একটা সংসার ছিল। মজিবর মাদকদ্রব্য সেবন ও বিক্রির কারণে তাঁর সুখের সংসার এখন শেষ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করা নিয়ে বাধা দেওয়ায় মজিবর তাঁকে গত ৮ এপ্রিল তালাক দিয়েছেন। সেলিনা বলেন, তাঁর স্বামী মাদকদ্রব্য বিক্রির করায় বিভিন্ন সময় পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা তাঁর বাড়িতে অভিযান চালায়। অভিযানের বেশির ভাগ সময়ই তাঁর স্বামী বাড়ির পেছন দরজা দিয়ে পালিয়ে নিজেকে রক্ষা করেছেন। কিন্তু অভিযানে ঘরের মধ্যে হেরোইন পাওয়ায় এ পর্যন্ত পাঁচবার মাদকদ্রব্য আইনে মামলায় তাঁকে গ্রেপ্তার হতে হয়েছে।
সেলিনা আরও বলেন, তিন মেয়ের সুখের কথা চিন্তা করে এবং স্বামীকে গ্রেপ্তার হওয়া থেকে রক্ষা করতে নিজেকে মাদকবিক্রেতা বলে স্বীকার করে গ্রেপ্তার হওয়াকে তিনি মেনে নিয়েছিলেন। স্বামীর জন্য এত কিছু করেও তাঁর সংসার ধরে রাখতে পারেননি। মজিবর এখন দ্বিতীয় বিবাহ করে পৃথকভাবে সংসার করছেন। তাঁকে বাড়িছাড়া করতে ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি তিন মেয়েকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। মাদকদ্রব্যের কারণে তাঁর মতো আর কোনো নারীর ভাগ্যে কষ্ট যেন নেমে না আসে এ জন্য সবাইকে তিনি মাদকদ্রব্য বিক্রি ও সেবনকে ‘না’ বলার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে সেলিনা বেগমের বড় মেয়ে প্রথম আলোকে বলেন, তাঁর বাবা মাদকবিক্রেতা হওয়ায় তাঁদের সামাজিকভাবে অনেক হেয় হতে হয়। তাকে সহপাঠীদের কাছেও হেয় হতে হয়।
এ ব্যাপারে গতকাল একাধিকবার মজিবরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি মুঠোফোন না ধরায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেলিনা ও মজিবরের নামে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাঁরা পুলিশের তালিকাভুক্ত মাদকদ্রব্য বিক্রেতা। তাঁদের মামলাগুলো এখন আদালতে বিচারাধীন। এভাবে কোনো মাদকবিক্রেতা মাদকদ্রব্য বিক্রির পথ থেকে সরে দাঁড়ালে সমাজ উপকৃত হবে।