মাদককে ‘না’ বলল দেশবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ পালিত হয়েছে গত শনিবার। ‘মাদক পরিহার করুন, স্বাস্থ্য নিয়ে ভাবুন’—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে বাংলালিংক-প্রথম আলোর সহায়তায় প্রথম আলোর বন্ধুসভা দেশের ৪৬টি স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রচারপত্র বিলিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: মাদককে ‘না’ বলতে হবে এবং মাদক থেকে বন্ধুকে বাঁচাতে হবে। নইলে মাদক রোধ করা যাবে না। সমাজ ও তরুণদের বাঁচানো যাবে না। সাতক্ষীরা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন শেখ আজাহার হোসেন, শাহনাজ পারভিন ও কাজী সাইদুর রহমান। মাদারীপুর: সকালে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রেজাউল কবীর। মাগুরা: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে ১৩টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলে শপথ নিয়েছে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতায় ছয়জন বিজয়ীকে প্রথমা প্রকাশনীর বই পুরস্কার দেওয়া হয়।খাগড়াছড়ি: বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুসভার উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজে আলোচনা সভা এবং কলেজের ছাত্রছাত্রীদের মাদকবিরোধী শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। পরে আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আবদুর রউব চৌধুরী, ফজলুল করিম, ইলিয়াস হোসেন, খোরশেদ আলম ও বন্ধুসভার নজরুল ইসলাম।গোপালগঞ্জ: শহরের এসএম মডেল স্কুল চত্বরে প্রধান শিক্ষক শুকদেব ভক্তের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশ হয়।