মাদককে ‘না’ বলল সেন্ট জেভিয়ার্সের সহস্রাধিক ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাত উঁচিয়ে সমস্বরে মাদককে ‘না’ বলে নিজে সুস্থ থেকে অন্যকে সচেতন করার অঙ্গীকার করল পুরান ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের সহস্রাধিক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের অধীনে প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের সহযোগিতায় ‘এসো, মাদকমুক্ত জীবন গড়ি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানে ছাত্রীরা এ অঙ্গীকার করে।সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষক-শিক্ষিকারা মাদকবিরোধী আলোচনা করেন। ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনায় সচেতনতামূলক এই আয়োজনে সহযোগিতা করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও জেভিরিয়ান বন্ধুসভার সদস্যরা।শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রেনু মারিয়া পালমা বলেন, ‘মাদকাসক্তি নরকযন্ত্রণার চেয়েও কষ্টকর। তাই আমরা মাদকের বিরুদ্ধে। এই বিদ্যালয়ে দুই হাজার ৭০০ জন ছাত্রী। তারা প্রত্যেকে দুজন মানুষকে সচেতন করার দায়িত্ব নিলেও মাদকমুক্ত দেশ গড়তে আমরা এক ধাপ এগিয়ে যাব।’চিকিৎসক সিফাত-ই-সাইদ বলেন, ‘পরিবারের কেউ মাদকাসক্ত হলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আমরা মাদককে ঘৃণা করব, মাদকাসক্ত ব্যক্তিকে নয়।’মাদকের বিরুদ্ধে ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। তিনি ছাত্রীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান।চিকিৎসক ফারজানা রহমান বলেন, ‘কৌতূহল থেকেই মূলত কিশোর বয়সে মাদকাসক্তির ঘটনা ঘটে। তাই কৌতূহলী হয়েও মাদক নেওয়া যাবে না।’‘মাদকের একটিও ভালো দিক নেই’ উল্লেখ করে চিকিৎসক আহমেদ হেলাল বলেন, ‘আমাদের সমাজের তরুণেরা মাদকাসক্ত হয়ে পড়েছে। তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। এ জন্য পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে।’প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা বাংলাদেশকে সুন্দর করতে চাই। এ জন্য আমাদের মাদকমুক্ত থাকতে হবে। অন্যকেও মাদকমুক্ত থাকতে সহায়তা করতে হবে।’এতে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ধর্মলাল গোপ, অভিভাবক প্রতিনিধি বাবুল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষিকা মায়া গেট্রুড রোজারিও, চিকিৎসক নাফিয়া ফারজানা চৌধুরী, খালেদা বেগম ও ছাত্রী মনোরমা পাল। চিকিৎসকেরা উপস্থিত ছাত্রীদের মাদকের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের একপর্যায়ে জেভিরিয়ান বন্ধুসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক। সবশেষে বন্ধুসভার সদস্যরা মাদকবিরোধী নাটিকাসহ গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইসরাত জাহান নূর ও সাদিয়া পারভীন।