
বই পড়াও একটি নেশা। মাদককে ‘না’ বলে বই পড়ার নেশা করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। দেশকে গড়তে হবে। নিজ নামে ধন্য হতে হবে। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।প্রথম আলোর উদ্যোগে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় গতকাল নীলফামারী ও পিরোজপুরে এ বছর মাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী: নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বন্ধুসভার সদস্য মার্জিয়া আফরোজ মিমির সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমির আলী আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোখশানা বেগম, চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, টেলিটকের রিজিওনাল ম্যানেজার শেখ মো. মাসুম ও বন্ধুসভার জাবেদ খান সামছ মারুফ। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয়ের কাঞ্জিলাল রায় ও নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুমতাহিনা। এরপর জেলার ছয় উপজেলার ৮৪৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এবার নীলফামারীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় স্থান পাওয়া তিনটি বিদ্যালয় হলো সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়। অতিথিরা এই তিন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ক্রেস্ট তুলে দেন।নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী বলেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক আচরণের অভ্যাস গড়ে তুললে শতভাগ সফল হওয়া যায়। মজিবুল হাসান চৌধুরী বলেন, ‘পৃথিবীতে অনেক নেশা আছে। বই পড়াও একটি নেশা। আমরা বই পড়ার নেশা করব মাদককে “না” বলব। লেখাপড়া করো, জনগণের কাছে যাও, বই পড়ার অভ্যাস করো।’ তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।
অধ্যাপক নরেশ চন্দ্র রায় বলেন, সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। শুধু সিলেবাসের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।
পিরোজপুর: পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ গণেশ চন্দ্র অধিকারী বলেন, ‘নিজ নামে ধন্য হওয়ার জন্য মানুষের জন্ম। তোমাদের নিজ নামে ধন্য হতে হবে। মাদক নামের সাপের ছোবল থেকে সবাইকে সাবধান থাকতে হবে।’ তিনি আরও বলেন, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনসহ দুর্গতদের পাশে দাঁড়ানো ও সমাজ গঠনে নানা কাজ করে যাচ্ছে। এ জন্য পত্রিকাটি প্রশংসার দাবি রাখে। রত্নগর্ভা বৃদ্ধা মনোয়ারা বেগম অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান এসএসসিতে ভালো করেছে, এ জন্য আনন্দিত হয়ে হাল ছেড়ে দিলে চলবে না। মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সন্তানদের কঠোর নজরে রাখতে হবে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (ঢাকা) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালি উল্লাহ মেধাবীদের উদ্দেশে বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছানোর প্রথম ধাপ পার হয়েছ। সামনের ধাপ আরও কঠিন। এ জন্য তোমাদের কঠোর অনুশীলন করতে হবে। টেলিটক বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী গড়ে তুলতে টেলিটক কাজ করে যাচ্ছে। কৃতী শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ বলে, ‘আমাদের নিজের বিবেক দিয়ে নিজের জীবন গড়তে হবে।’ নাজমুন্নাহার হ্যাপী বলে, ‘জিপিএ-৫ পাওয়ার পর আমি প্রথম যুদ্ধে জয়ী হলাম এবং ভবিষ্যতে লেখাপড়ার যুদ্ধের জন্য সবার সহযোগিতা চাই।’ অনুষ্ঠানের ফাঁকে ‘হূদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন বন্ধুসভার সদস্য ও কৃষ্ণচূড়া থিয়েটারের সদস্যরা। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা থেকে আসা কৃতী শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। জেলার শ্রেষ্ঠ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।