মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পাশে মাদকের কারখানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পাশের ভাড়া বাসা থেকে বলবর্ধক পানীয় তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ওই বাসা থেকে বিপুল পরিমাণ বলবর্ধক পানীয় উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কারখানার তত্ত্বাবধায়কসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের হাসপাতাল পাড়ার ওই ভবনের মালিক পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। তিনি বর্তমানে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ভবনের নিচতলার দুটি কক্ষ ভাড়া নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাগুরা কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
নিচতলার অপর তিনটি কক্ষ ভাড়া নেন সদর উপজেলার ঘোড়ামারার বাদশা মিয়া নামের এক ব্যক্তি। ওই কক্ষগুলোতে অবৈধ বলবর্ধক পানীয় তৈরি হচ্ছে এমন খবরে গতকাল অভিযান চালায় পুলিশ। অভিযানে কারখানার তত্ত্বাবধায়ক জাহিদ হোসেন, কর্মচারী আবদুল মমিন, তাসলিমা খাতুন ও নয়ন তারা পারভীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এক হাজার ৯০০ বোতল বলবর্ধক ও নেশাজাতীয় পানীয়সহ পাঁচ শতাধিক খালি বোতল, মোড়ক, ছয় লিটার পাউডার-জাতীয় মিশ্রণ, দুটি ড্রাম ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, জব্দ করা বলবর্ধক পানীয়গুলো একধরনের মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাগুরার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘আমি তদন্তের কাজে অফিসের বাইরে ছিলাম। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’