মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩ পদের মধ্যে ১০টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ে দীর্ঘদিন ধরে জনবল সংকট চলছে। ১৩ পদের মধ্যে অফিসপ্রধানের পদসহ ১০টি পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তারে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ে ১৩টি পদের মধ্যে শুধু ১ জন পরিদর্শক, ১ জন ওয়্যারলেস অপারেটর ও ১ জন সিপাই রয়েছেন। ২০১৫ সাল থেকে সহকারী পরিচালকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), অফিস সহকারী, গাড়িচালক, এমএলএসএস, ঝাড়ুদার ও নৈশপ্রহরীর পদগুলো শূন্য রয়েছে। সিপাইয়ের তিনটি পদের মধ্যে দুটি পদ শূন্য রয়েছে। পিরোজপুর জেলা কার্যালয়ে কোনো গাড়ি নেই। ভাড়া বাড়িতে চলে অফিসের কার্যক্রম। অফিস সহকারীর পদ শূন্য থাকায় দাপ্তরিক কাজ কর্মকর্তাকে করতে হচ্ছে। একজন পরিদর্শক ও একজন সিপাইয়ের পক্ষে মাদক নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা সম্ভব নয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, একসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল উপ-অঞ্চলের অধীনে পিরোজপুরে সার্কেল অফিস ছিল। তখন সার্কেলপ্রধান ছিলেন একজন পরিদর্শক। ২০১৫ সালে মাঠ পর্যায়ের মাদক অপরাধ নিয়ন্ত্রণের জন্য জনবল বৃদ্ধি করা হয়। পাশাপাশি পুরোনো সার্কেলগুলো বিলুপ্ত করে একজন সহকারী পরিচালককে অফিস প্রধান করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি করা হয়। কিন্তু অধিদপ্তরের জেলা কার্যালয়ে নতুন পদ সৃষ্টি করা হলেও জনবল বৃদ্ধি করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, জেলায় মাদকসেবী ও ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনবল কম থাকায় মাদকের বিরুদ্ধে ঠিকমতো অভিযান পরিচালনা করা যাচ্ছে না। এ কারণে প্রতি মাসে দুই থেকে তিনটি মামলা হচ্ছে। জনবল বাড়ানো গেলে অভিযান বৃদ্ধি পাবে। এতে মাদক অপরাধ অনেকাংশে কমে আসবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজ ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। জনবল সংকট ও গাড়ি না থাকায় অভিযান পরিচালনা করা যাচ্ছে না। গাড়ি ভাড়া করে অভিযান পরিচালনা করতে হচ্ছে।
জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জেলা কার্যালয়গুলোতে নতুন পদ সৃষ্টি করা হলেও জনবল সংকটের কারণে পদগুলো শূন্য রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শিগগিরই জনবল নিয়োগ দেওয়া হবে। তখন শূন্য পদ পূরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।