মাদকদ্রব্য বিক্রি করেন অধিদপ্তরের লোকজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযানের পর আটক হওয়া মাদক তাঁরা মালখানায় জমা না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।ওই কার্যালয়ের কনস্টেবল মনোয়ারা বেগম গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবে এসে এসব অভিযোগ করেন। মাদক বিক্রির প্রতিবাদ করায় অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীরা মনোয়ারা বেগমকে হত্যা করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মনোয়ারা বেগম অভিযোগ করেন, অধিদপ্তরের পরিদর্শক ভূপতি কুমার, সহকারী পরিদর্শক খলিলুর রহমান, কনস্টেবল ওবায়দুল্লাহ ও ওয়ারেছ আলী বিভিন্ন অভিযানে আটক হওয়া ফেনসিডিলের বোতল, হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্যের একটি বড় অংশ অধিদপ্তরের মালখানায় জমা না দেখিয়ে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।মনোয়ারা বেগম আরও বলেন, ‘এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ওবায়দুল্লাহ আমাকে জবাই করে গুম করার হুমকি দেন এবং একই সঙ্গে পরিদর্শক ভূপতি চন্দ্র আমার চাকরি খেয়ে নেবে বলে ভয় দেখায়।’ ভূপতি কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়গুলো তাঁদের অভ্যন্তরীণ। ওবায়দুল্লাহও অভিযোগ অস্বীকার করেছেন। খলিলুর ও ওয়ারেছ আলীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মনজুরুল হক জানান, সার্বিক বিষয়গুলো লিখিত আকারে জানানোর জন্য মনোয়ারা বেগমকে বলা হয়েছে। পরে তদন্ত অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদমদীঘির ইউএনও মোল্লা মিজানুর রহমান বলেন, বিষয়গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ও মনোয়ারাকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।