মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় বড় ভাইকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসায়ী ছোট ভাইয়ের গুলিতে আহত সাইফুল ইসলাম। ছবিটি আজ শনিবার সকালে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে তোলা। ছবি: মোহাম্মদ আলম, টঙ্গী
মাদক ব্যবসায়ী ছোট ভাইয়ের গুলিতে আহত সাইফুল ইসলাম। ছবিটি আজ শনিবার সকালে টঙ্গী সরকারি হাসপাতাল থেকে তোলা। ছবি: মোহাম্মদ আলম, টঙ্গী

মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেওয়ায় গাজীপুর জেলার টঙ্গীর মোরকুন এলাকায় বড় ভাই সাইফুল ইসলামকে গুলি করেছে মাদক ব্যবসায়ী ছোট ভাই জহুরুল ইসলাম। আজ শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলামকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাইফুল ইসলাম মোরকুন এলাকার স্কলার একাডেমির প্রধান শিক্ষক।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ সকালেও এলাকার কয়েকজন যুবক জহুরুলের কাছে মাদকদ্রব্য কিনতে এলে সাইফুল ছোট ভাই জহুরুল ইসলামকে মাদক বিক্রিতে বাধা দেন। এ সময় ক্ষুব্ধ হয়ে সাইফুলকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন জহুরুল। একটি গুলি তাঁর ডান পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) মো. মাহবুবুর  রহমান চৌধুরী সাইফুলের ডান পায়ে গুলি লাগার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আহত সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জহুরুলকে মাদকদ্রব্য বিক্রি করতে নিষেধ করে আসছিলাম। কিন্তু কোনো কাজ হচ্ছে না। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বিভিন্ন শ্রেণীর যুবক বাড়িতে মাদকদ্রব্য কিনতে আসে। আজ সকালেও কয়েকজন এলে তাদেরকে বাধা দিই এবং জহুরুলকে এসব বিক্রি করতে নিষেধ করি। পরে জহুরুল আমাকে গুলি করে।’