মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মজিদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান প্রমুখ।
নীলফামারী: শহরের চৌরঙ্গী মোড়ে সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ হয়। সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহার আলী মিয়া। সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এরফান আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তাই মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বন্ধ করে সুখী ও সুন্দর জীবন গড়ে তুলতে হবে।
পঞ্চগড়: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় এনজিওর কর্মী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আলমগীর শিকদার প্রমুখ বক্তব্য দেন।