মাদকবাহী ট্রাকের চাপায় নিহত পুলিশের দুই সদস্য
চাঁপাইনবাবগঞ্জে মাদকবাহী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিবগঞ্জ থানা-পুলিশের দুজন কর্মকর্তা নিহত হয়েছেন। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৩৮) ও সার্জেন্ট আতাউল ইসলাম (২৫)। গতকাল বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকসহ চালক মো. সিরাজকে (৩৮) শিবগঞ্জের কাশিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৫০ বোতল ফেনসিডিল।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবাহী ট্রাকটি আটকের জন্য ভোর পাঁচটার দিকে সড়কে অবস্থান নেন ওই দুজন কর্মকর্তা। ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হলেও সেটি না থেমে এগিয়ে যেতে থাকে। কর্মকর্তা দুজন মোটরসাইকেলে ট্রাকটিকে ধাওয়া করে সামনে গেলে তাঁদের পিষ্ট করে পালিয়ে যান ট্রাকচালক।
এ ঘটনায় গতকাল রাতে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেছেন গোয়েন্দা পুলিশের ওসি হামিদুর রশীদ।