মাদকবাহী মাইক্রো ও র‌্যাবের গাড়ি খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে একটি গাঢ় কালচে সবুজ রঙের মাইক্রোবাস। এটিকে ধাওয়া করছে একটি পাজেরো। ধাওয়ার মুখে ডানে সরতে সরতে একপর্যায়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে মাইক্রোবাসটি। ধাওয়া করা পাজেরোটিও গিয়ে পড়ে পাশের পানিভর্তি খাদে। উল্টে যাওয়া মাইক্রোবাস থেকে দুজন বেরিয়ে দুদিকে দৌড় দিলেন। তাঁদের একজনকে পরে আটক করা হলো। মাইক্রোবাসটি থেকে উদ্ধার করা হলো তিন হাজার ২০০ বোতল ফেনসিডিল।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায়। খাদে পড়া পাজেরোটি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক ব্যক্তির নাম দুলাল মিয়া (৩০)। তিনি জানান, দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তি মাইক্রোবাসটির চালক ঝন্টু। জয়পুরহাটের পাঁচবিবি থেকে ফেনসিডিলের চালান আসার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১-এর কর্মকর্তারা আগে থেকে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছিলেন।র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করে। র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেনের নেতৃত্বে র‌্যাবের ১২ জন সদস্য ও দুটি গাড়ি অভিযানে অংশ নেয়। ওই মাইক্রোবাসটি ধাওয়া করতে গিয়ে আবুল হোসেনদের বহনকারী পাজেরো পানিতে পড়ে যায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে অভিযানে নেতৃত্ব দেওয়া পরিদর্শক হেলালউদ্দীন জানান, ভোরে তিনি জয়পুরহাটের পাঁচবিবি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল আসার খবর পান। এরপর তিনি র‌্যাব-১-এর অধিনায়ককে বিষয়টি জানিয়ে তাঁর সাহায্য চান। সকাল সাতটার দিকে তাঁরা তিনটি গাড়ি—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ এবং র‌্যাবের একটি পাজেরো ও মাইক্রোবাস নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় অবস্থান নেন। তিনি ছিলেন সামনে থাকা মাইক্রোবাসে।হেলালউদ্দীন বলেন, খবর ছিল, চালানটি আসছে গাঢ় কালচে সবুজ রঙের মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১১-৯০৩৭) করে। বেলা ১১টার দিকে মাইক্রোবাসটি আসার খবরে সেটির সামনে প্রতিবন্ধকতা তৈরির সিদ্ধান্ত হয়। মাইক্রোবাসটির গতি বেশি থাকায় তাঁদের মাইক্রোবাস সামনের বাসের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে। বাসটি থেমে গেলে মাদকবাহী মাইক্রোবাসের গতিও কমে যায়। ওই মাইক্রোবাসের চালক বিপদ বুঝে ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। র‌্যাবের পাজেরো মাইক্রোবাসটিকে ধাওয়া করে এবং ডান দিকে সরতে বাধ্য করে। একপর্যায়ে মাইক্রোবাসটি উল্টে মহাসড়কের পাশে একটি পিলারে আটকে যায়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় র‌্যাবের পাজেরো পানিভর্তি খাদে পড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। মাদকবাহী মাইক্রোবাসে থাকা দুজনের মধ্যে একজন পালাতে সক্ষম হন। অন্যজনকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়।আটক দুলাল মিয়া জানান, ঢাকার সায়েদাবাদের মাইক্রোবাসটির চালক ঝন্টু গত মাসেও তাঁকে নিয়ে একবার ফেনসিডিল আনতে গিয়েছিলেন। তখন আড়াই হাজার বোতল আনা হয়েছিল। বৃহস্পতিবার তাঁরা আবারও ফেনসিডিল আনতে যান। প্রতিবার যাওয়ার জন্য তিনি এক হাজার টাকা পেতেন। তিনি দাবি করেন, ঝন্টু তাঁকে ফেনসিডিল যেখান থেকে ওঠানো হয়, সে পর্যন্ত নিয়ে যেতেন না। তাঁকে বগুড়ায় রেখে একাই যেতেন।