মাদকবাহী মোটর সাইকেলের ধাক্কায় নিহত ১
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার মাদকবাহী একটি মোটরসাইকেলের ধাক্কায় সোলেমান আলী (৫০) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি ফুলবাড়ী পৌরসভার স্বজনপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোলেমান আলী গতকাল সকাল সোয়া ১০টার দিকে ফুলবাড়ী-রংপুর সড়কের স্বজনপুকুর এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটকে রাখলে এর চালক ও একজন আরোহী সোলেমানকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথেই সোলেমান মারা যান। হাসপাতালে পৌঁছার পর তাঁরা সোলেমানের লাশ সেখানে রেখে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, রেখে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন মোটরসাইকেলের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল পড়তে দেখেন। এ বিষয়ে খবর পাঠানোর পর থানা থেকে পুলিশ এসে সিটের কভারের নিচে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ৬৪ বোতল ফেনসিডিল জব্দ করে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, মোটরসাইকেলটি এলাকাবাসীর জিমঞ্চায় রেখে ৬৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।