মাদকবিরোধী অভিযানে হামলা, কর্মকর্তাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর নছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ব্যক্তিরা হলেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মতিয়ার রহমান (৪৩) ও অভিযানে সহায়তাকারী পার্বতীপুর উপজেলার গুলশাননগর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৪৫)। তাঁরা চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় হামলাকারী মহেশপুর নছরপাড়া গ্রামের আবু ও রাশেদুলকে আসামি করে ফুলবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের পরিদর্শক গোলাম রব্বানী ও এসআই আবদুল মান্নান।
ঘটনা সম্পর্কে বাদী গোলাম রব্বানী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজার নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান চালায়। উপজেলার মহেশপুর নছরপাড়া গ্রামে এ অভিযান চালানোর সময়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু ও রাশেদুল ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে পালিয়ে যান।