মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে নানা আয়োজন
মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
দিনাজপুর: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়। পরে দিনাজপুর জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভা হয়। জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা। আরও বক্তব্য দেন সাখাওয়াত হোসেন, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ শহিদুল মোন্নাফ কবীর, কাজী জাফর উল্লাহ প্রমুখ।
কুড়িগ্রাম: জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। আকতার হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন সাহাব উদ্দিন, মোহাম্মদ নবাব আলী, শরিফুল ইসলাম খান প্রমুখ।
নীলফামারী: বেলা ১১টার দিকে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর উপপরিচালক গুল্লাল সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।