মাদকবিরোধী দিবস পালিত
মাদক বর্তমান সমাজের একটি অন্যতম প্রধান সমস্যা। তবে গুটি কয়েক সংস্থার পক্ষে দেশকে মাদকমুক্ত করা সম্ভব নয়। এর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সর্বস্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ছিল চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর রেখা আলম চৌধুরী, দৈনিক সমকাল-এর ব্যুরো প্রধান সারোয়ার সুমন।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।