মাদকবিরোধী দিবসে বন্ধুসভার শোভাযাত্রা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর মাগুরা ও যশোর বন্ধুসভার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। যশোর বন্ধুসভা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷
সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর ঘুরে পৌরসভার সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির, পৌরসভার মেয়র ইকবাল আক্তার খান, বন্ধুসভার ভারপ্রাপ্ত সভাপতি কাজী আশরাফুল ইসলাম৷
সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন সময় পুলিশের জব্দ করা সাত হাজার ৬২০ বোতল ফেনসিডিল একজন বিচারিক হাকিমের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়৷
সকাল পৌনে ১০টায় প্রথম আলোর যশোর কার্যালয় থেকে বন্ধুসভার শোভাযাত্রা শুরু হয়। পরে সেটি জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মসূচিতে যোগ দেয়। বিকেলে বন্ধুসভার উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।