মাদকবিরোধী কর্মসূচি উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর, ছিলেন সাংসদ বদিও
‘দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা’ কর্মসূচির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ আবদুর রহমান বদিও।
২০১৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ৭৬৪ জন ইয়াবা ব্যবসায়ীর তালিকায় ১ নম্বরে ছিল কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির নাম। ওই তালিকায় নাম ছিল তাঁর পরিবারের ঘনিষ্ঠ আর ২৫ জনের।
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ইয়াবা বড়িসহ মাদক চোরাচালান নিয়ন্ত্রণ এবং ইয়াবা ব্যবসায়ীদের ধরতে কক্সবাজারসহ সারা দেশে মাদকবিরোধী সাঁড়াশি যৌথ অভিযান শুরু হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট বাহিনীগুলোর যৌথ উদ্যোগে মাদক ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকাও তৈরি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন তৈরির কারখানা নেই। প্রতিবেশী দেশে তৈরি হয়ে এগুলো আসছে। ইয়াবা কারখানা বন্ধে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। ইয়াবা চোরাচালানের সঙ্গে কারা জড়িত, তার অনুসন্ধানও চলছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশ্বের দীর্ঘতম সৈকত শহর কক্সবাজার থেকে দেশব্যাপী মাদকবিরোধী এই অভিযান শুরু করেছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আবদুর রহমান বদি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘ইয়াবার যে তালিকা আপনার কাছে আছে, তা কে তৈরি করেছেন? বিড়াল ধরার জন্য আপনারা যাদের নিয়োগ দিয়েছেন, তাঁরা টাকার বস্তা নিয়ে ইঁদুর ধরছেন। তাই ইয়াবা পাচার বন্ধ হচ্ছে না।’
ইয়াবা ব্যবসার সঙ্গে যুক্ত নন দাবি করে সাংসদ বদি অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২০০ টাকা দামের ইয়াবা ধরে পুলিশের কাছে জমা দেন। পুলিশ ১৫ টাকা দামের ইয়াবা রেখে ২০০ টাকা দামের ইয়াবাগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে পাচার করেন।’ তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রাম মহানগরে ৪০ হাজার ইয়াবাসহ একজন টেলিভিশন সাংবাদিক ধরা পড়লেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ থলের বিড়াল বেরিয়ে পড়ার ভয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান। তিনি কক্সবাজার দিয়ে ইয়াবা পাচারের তথ্য তুলে ধরেন।
অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবা কক্সবাজার থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাই এখান থেকেই প্রচারণা শুরু। পুলিশ, বিজিবি, র্যাবসহ সংশ্লিষ্ট বাহিনীর তালিকাগুলো সমন্বিত করে ইয়াবা ব্যবসায়ীর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ রফিক ও মোহাম্মদ ইলিয়াছ। অন্যদের মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, কোস্ট গার্ড চট্টগ্রাম ইস্ট জোনের কমান্ডার এম শহিদুল ইসলাম ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বক্তব্য দেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া মাদকবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।